ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তার জীবন সংগ্রাম। প্রতিদিন সকাল সাড়ে ছয়টা বাজার আগেই পৌঁছে যান কাজের স্থানে। দুপুর গড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত বিরতিহীন ভাবে কেটে চলেন অন্যের কিনে আনা মাছ। এভাবেই কঠোর পরিশ্রম আর একাগ্রতায় নিজের সংসারের চাকা সচল রেখেছেন গীতা রাণী।
গতকাল রোববার সকালে সরেজমিনে ভবেরচর মাছের বাজারে গিয়ে দেখা যায় এক অনন্য দৃশ্য। বটি আর মাছের আঁশ ছাড়ানোর সরঞ্জামের সামনে ব্যস্ত সময় পার করছেন গীতা রাণী। ক্রেতারা বাজার থেকে মাছ কিনে এনে তুলে দিচ্ছেন তার হাতে, আর তিনি নিপুণ হাতে তা কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছেন। বাজারে আসা ক্রেতাদের সুবিধা দেওয়ার পাশাপাশি বিনিময়ে তিনি নিচ্ছেন প্রতি কেজিতে মাত্র ২০ টাকা।
নিজের এই জীবন সংগ্রাম নিয়ে গীতা রাণী বলেন,সংসারে কষ্ট আছে, কিন্তু কাজ করে খেতে লজ্জা নেই। স্বামী কারখানায় কাজ করে যে টাকা পান, তা দিয়ে তিন ছেলে-মেয়ের পড়ালেখা আর সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। তাই ভোর না হতেই কাজে নেমে পড়ি। সকালে উপজেলা পরিষদ আর বাজার ঝাড়ু দিই, তারপর বাজারে মাছ কাটতে বসি। দিন শেষে যা পাই, তা দিয়ে পরিবারের মুখে দু’মুঠো ডাল-ভাত তুলে দিতে পারছি এটাই আমার পরম শান্তি।
খোঁজ নিয়ে জানা যায়, গীতা রাণীর সংসারটি পাঁচ সদস্যের। পরিবারে স্বামী ছাড়াও রয়েছে দুই মেয়ে ও এক ছেলে। স্বামী একটি স্থানীয় কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তবে বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দামের বাজারে শুধু স্বামীর একার আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তাই পরিবারের মুখে দু’মুঠো ভাত তুলে দিতে এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ার তাগিদে নিজে উপার্জনের পথ বেছে নিয়েছেন গীতা রাণী।
তার দৈনন্দিন কাজের তালিকা বেশ দীর্ঘ ও পরিশ্রমের। মাছ কাটতে বসার আগেই তিনি কাজ শুরু করেন উপজেলা পরিষদ এলাকায়। সকালে উপজেলা পরিষদ ও ভবেরচর বাজার এলাকা ঝাড়ু দেওয়ার কাজ সম্পন্ন করেন তিনি। পরিচ্ছন্নতার কাজ শেষ করেই সোজা চলে আসেন মাছের বাজারে, হাতে তুলে নেন বটি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গীতা রাণীর সততা ও পরিশ্রমী মনোভাবের কারণে বাজারের প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধা করেন। প্রতিকূল পরিস্থিতিতেও হার না মেনে নিজের মেহনত ও ঘামে সংসার চালানোয় তিনি আজ অনেকের কাছেই এক অনুপ্রেরণার নাম।
মতামত