মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী আব্দুল করিম প্রধান ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
গতকাল সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুল করিম প্রধান। পরে তিনি বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে হামদার্দ বাংলাদেশ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওই দিন বাদ মাগরিব নয়াকান্দি জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে ভবেরচর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজা নামাজে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস প্রধান, সাবেক ইউপি সদস্য রোকনুজ্জামান সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন ঠাকুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আব্দুল করিম প্রধান অত্যন্ত সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী একজন কর্মচারী ছিলেন। দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন একজন বিশ্বস্ত সহকর্মীকে হারালো। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মতামত