ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাড়ানো ভাড়া ঈদের এক মাস পরও কমেনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড থেকে কালীপুরা নদীর ঘাট রুটে। সিএনজি চালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই রুটে আগে জনপ্রতি ভাড়া ছিল ৩০ টাকা। তবে ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীচাপ বৃদ্ধির অজুহাতে চালকরা ভাড়া বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করেন। কিন্তু ঈদ শেষ হয়ে প্রায় এক মাস পার হলেও এখনো সেই বাড়তি ভাড়াই আদায় করা হচ্ছে।
ভুক্তভোগী একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, ঈদের সময় অতিরিক্ত ভাড়া নেওয়া কিছুটা সহনীয় হলেও এখনো তা বহাল রাখা অন্যায়। অনেক ক্ষেত্রে যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বিশেষ করে দূরের যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার প্রবণতা বেশি বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে সিএনজি অটোরিকশা চালকদের দাবি, এই রুটে প্রায় ৩০০ সিএনজি চলাচল করে। তারা বলেন, গজারিয়ার স্থানীয় যাত্রীদের কাছ থেকে এখনো ৩০ টাকা ভাড়া নেওয়া হয়। তবে পার্শ্ববর্তী মতলব উপজেলার যাত্রীদের কাছ থেকে ৪০ টাকা নেওয়া হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় আগের ভাড়ায় চলা কঠিন হয়ে পড়েছে।
এদিকে যাত্রীদের অভিযোগ, ভাড়া নির্ধারণে কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকায় চালকরা ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী ও নিম্নআয়ের যাত্রীরা।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত ভাড়া কার্যকর এবং মনিটরিং জোরদার করা না হলে এই ভোগান্তি আরও বাড়বে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিগগিরই এ বিষয়ে অভিযান ও মনিটরিং জোরদার করা হবে, যাতে যাত্রীরা ভোগান্তিতে না পড়েন।
মতামত