দেশের কিংবদন্তি হকি খেলোয়াড় বুলু পাঠান আর নেই। শুক্রবার (৯ মে) সকালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার ছোট ভাই শরীফুজ্জোহা রিপন পাঠান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বুলু পাঠান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর গ্রামের পাঠান বাড়ির নূরুল হুদা পাঠানের ছেলে। তাঁর দাদা জুলফিকার আলী পাঠান ধীপুর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশের হকি অঙ্গনে বুলু পাঠান ছিলেন এক পরিচিত ও জনপ্রিয় নাম। মাঠে তাঁর দুর্বার গতি, দক্ষ স্টিকওয়ার্ক এবং আক্রমণভাগে অসাধারণ নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করত। বিশেষ করে আবাহনী ক্রীড়া চক্র দলের হয়ে খেলাকালে তিনি সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত হন। দেশের হকি লিগে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্বও রয়েছে তাঁর।
যদিও তাঁর পৈত্রিক নিবাস টঙ্গীবাড়িতে, তবে বেড়ে ওঠা ফরিদপুরে। ছোটবেলা থেকেই খেলাধুলার পরিবেশে বেড়ে ওঠেন তিনি। বড় ভাই আলাল পাঠানের অনুপ্রেরণায় হকিতে পথচলা শুরু করেন বুলু পাঠান। তাঁর ছোট ভাই মিলু পাঠানও ঢাকার ওয়ারী ক্লাব দলের হয়ে খেলেছেন।
স্বাধীনতা-পরবর্তী সময়ে ঢাকার হকি লিগে নিয়মিত খেলেছেন বুলু পাঠান। তিনি প্রথমে মোহামেডান স্পোর্টিং ক্লাব এর হয়ে শহীদ স্মৃতি টুর্নামেন্টে অংশ নেন। পরে আবাহনী ক্রীড়া চক্রের অন্যতম কৃতি স্ট্রাইকার হিসেবে সাফল্যের স্বাক্ষর রাখেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মটুকপুর পল্লী উন্নয়ন সমাজসেবা সংঘ ও টঙ্গিবাড়ী প্রেসক্লাব।
মতামত