মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে তিনটি রেস্টুরেন্ট ও একটি ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় তাদের মোট আড়াই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার (২৫ আগস্ট) সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গজারিয়া উপজেলার বালুয়াকান্দি,ভাটেরচর ও আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন। অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ' আজ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি, ভাটেরচর ও আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করি আমরা। এসময় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় তিনটি রেস্টুরেন্টকে ২ লক্ষ টাকা এবং একজন ভবন মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে'।
বিষয়টি সম্পর্কে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, ‘গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে।
আজকের অভিযানে গজারিয়া বালুয়াকান্দি ও ভাটেরচর, আনারপুরা এলাকায় ৩টি রেস্টুরেন্টে ও একটি ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন গজারিয়া থানা পুলিশ।
মতামত