মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে একটি বেকারি ও একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানকে নগদ এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা ও বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা।
জানা যায়, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে আসছিল ‘আরকে বেকারি’ নামের একটি প্রতিষ্ঠান। অভিযানে ওই বেকারির অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং এর স্বত্বাধিকারী আমির হোসেনকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে, টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহৃত পাইপ ও মালামাল অপসারণ করা হয়। তবে অভিযানের সময় চুনা কারখানার মালিক বা জড়িত কাউকে সেখানে পাওয়া যায়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. হামিদা মুস্তফা জানান, আইন অমান্য করে অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে বেকারির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান
করা হয়েছে। এছাড়া চুনা কারখানাটির মালিক বা দায়িত্বপ্রাপ্ত কাউকে ঘটনাস্থলে না পাওয়া গেলেও তাদের সংযোগটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে পাইপলাইন অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনা ঘাট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গজারিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত