মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক আলোকিত করার জন্য স্থাপিত সৌর স্ট্রিট লাইটের প্যানেল ও অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এতে রাতের বেলায় সড়কটি আবারও অন্ধকারে ডুবে গেছে।
ঘটনাটি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে তিন রাস্তার মোড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আড়ালিয়া গ্রামের প্রবেশ পথে বসানো সৌর স্ট্রিট লাইটের সোলার প্যানেল, ব্যাটারি ও এলইডি লাইট খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সৌর স্ট্রিট লাইট স্থাপনের পর সড়কে চুরি-ছিনতাই অনেকটাই কমে গিয়েছিল এবং রাতের চলাচল নিরাপদ হয়েছিল। কিন্তু যন্ত্রাংশ চুরির পর আবারও অন্ধকার নেমে এসেছে। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ ভোর ও রাতে যাতায়াতে চরম দুর্ভোগে পড়ছেন।
আব্দুল আউয়াল মিন্টু, সাগর আহমেদ সহ কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, যেখানে সড়কের একটি লাইটও নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? তাদের দাবি, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ
জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চুরি হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নজরদারি জোরদারের কথাও তিনি উল্লেখ করেন।
মতামত