মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদ সংলগ্ন ঝোপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া এক নবজাতক কন্যা শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণের জন্য ঢামেকে পাঠানো হয়। এর আগে গেল সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হাসপাতাল এলাকার ঝোপ থেকে তাকে উদ্ধার করা হয়। ওইদিন বিকাল ৪টা পর্যন্ত শিশুটির অভিভাবকের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি।
জানা গেছে, গভীর রাতে হাসপাতালের এক আয়া নবজাতকের কান্নার শব্দ শুনে কর্তব্যরত নার্সদের বিষয়টি জানান। পরে নার্সরা ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধার করার পরপরই শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা নিবিড় ভাবে পর্যবেক্ষণের প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। তিনি বলেন, আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি। শিশুটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে কীভাবে এবং কারা তাকে এখানে ফেলে গেছে, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ফুটফুটে নবজাতককে এভাবে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত