মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন-এর সহধর্মিণী নূরে জান্নাত রশ্মি।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হয়ে পড়া তিনটি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম গিয়াস উদ্দিন আহমেদ ও মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সহায়তা প্রদানকালে নূরে জান্নাত রশ্মি বলেন, বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
এদিকে সহায়তা পেয়ে অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে যাওয়া পরিবার গুলোর সদস্যরা সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও তাঁর সহধর্মিণীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জেলে দাদন বেপারী, তাঁর ছেলে কামাল বেপারী ও ভাতিজা মাসুম বেপারীর তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী পুড়ে যায়। পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই বলে জানান ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বলে জানা গেছে।
মতামত