মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দী গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে শাহজালাল (৩৭) পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। গত ৫ ডিসেম্বর সকালে তিনি নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। ওই দিন রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরদিন ৬ ডিসেম্বর বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া গ্রাম সংলগ্ন কাজলা নদী থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, একটি দুর্বৃত্তচক্র শাহজালালকে হত্যা করে তার ব্যাটারি চালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
মামলার বাদী জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের ১১ দিন পার হলেও মামলার তদন্তে পুলিশের চরম অনীহা লক্ষ্য করছি। এখনো কোনো রহস্য উদঘাটন হয়নি। এতে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে হতাশায় ভুগছি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুবেল সিকদার বলেন, আসামি শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি বাইরের কোনো চক্রের কাজ হতে পারে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
অপরদিকে, একই দিন ৬ ডিসেম্বর দুপুরে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডোবাচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে অর্ধগলিত অবস্থায় আনুমানিক ৩৪ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
করে নৌ-পুলিশ গজারিয়া। তবে এখনো তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি।
নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, এখনো ওই নারীর মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত গজারিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৬ ডিসেম্বর কাজলা নদী থেকে অটোরিকশা চালক শাহজালাল (৩৭) এবং একই দিনে ডোবাচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর (৩৪) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ২২ নভেম্বর বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে গলায় রশি বাঁধা অবস্থায় আরিফ হোসেন (২৮) এবং ১৩ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় রতন (২০) নামের এক ল্যাব টেকনিশিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।
পরপর এসব মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উদ্ধার হওয়া মরদেহ গুলোর শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যু গুলো অস্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে।
মতামত