দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দরিদ্র ও স্বল্পআয়ের মানুষ।
খাদ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় এসব খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে।
গতকাল বুধবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামসহ বিভিন্ন ওএমএস বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই চাল ও আটা কিনতে দরিদ্র মানুষের দীর্ঘ লাইন। কার্ড ও রেজিস্টার খাতায় তথ্য অন্তর্ভুক্তির মাধ্যমে নির্ধারিত মূল্যে একজন সুবিধাভোগী ৫ কেজি চাল ১৫০ টাকা এবং ৫ কেজি আটা ১২০ টাকায় সংগ্রহ করছেন।
বিক্রয় কেন্দ্রে আসা সুবিধাভোগীরা জানান, খুচরা বাজারে চাল আটার দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ওএমএসের মাধ্যমে কম দামে খাদ্যপণ্য পাওয়ায় তাদের দৈনন্দিন খাদ্যসংকট কিছুটা লাঘব হচ্ছে। পাশাপাশি বরাদ্দের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানান তারা।
বালুয়াকান্দি ইউনিয়নে ওএমএসের এক সুবিধাভোগী লাকী আক্তার বলেন, আমাদের ডিলার অনেক ভালো মনের মানুষ। হাসিমুখে আমাদের সঙ্গে কথা বলেন। টাকা ছাড়াও দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে থাকে।
এছাড়াও বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায়, নারী-পুরুষের দীর্ঘ সারি থাকলেও সুশৃঙ্খল ভাবে চাল ও আটা বিতরণ করা হচ্ছে। খাদ্যপণ্য হাতে পেয়ে অনেককেই হাসিমুখে বাড়ি ফিরতে দেখা যায়।
বালুয়াকান্দি ইউনিয়নের ওএমএস ডিলার ও নবযাত্রা ফুড ট্রেডার্সের স্বত্বাধিকারী আলী আহমেদ রনি বলেন, আমরা সাধারণ মানুষের মধ্যে সুশৃঙ্খল ভাবে ওএমএসের চাল ও আটা বিক্রি নিশ্চিত করছি। একজন গ্রাহক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারছেন। বিতরণে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য ওয়ার্ডভিত্তিক সময়সূচি করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ জন দরিদ্র ও অসহায় মানুষকে আমরা নিজেদের উদ্যোগে বিনামূল্যে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছি। এটি কোনো সরকারি বরাদ্দের অংশ নয়। সম্পূর্ণ নিজেদের তহবিল ও ব্যক্তিগত উদ্যোগে মানবসেবার উদ্দেশ্যে এ সহায়তা দেওয়া হচ্ছে। আজও ৫ থেকে ৭ জনকে এভাবে সহায়তা দেওয়া হয়েছে। খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরে এবং সামান্য হলেও তাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়; এটি আমাদের মনে গভীর আত্মতৃপ্তি এনে দেয়।
মতামত