মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী-হোসেন্দী সড়কের লস্করদী গ্রামে তৈয়ব পাগলার বাড়ির পাশে সেতু নির্মাণকাজ চলছে ধীরগতিতে।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন সেতুর নিচে খালের স্বাভাবিক প্রবাহ নেই। স্থানীয়দের দাবি, শিল্পকারখানার বর্জ্য ও আবর্জনায় খালটি দীর্ঘদিন আগেই ভরাট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। অন্যদিকে, ধীরগতির নির্মাণকাজের কারণে সড়কটিতে চলাচলে ভোগান্তি বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ জুন পুরোনো বক্স কালভার্টটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের ১৩ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ শেষ হয়নি। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর সম্প্রতি সেতুর ওপরের অংশে ঢালাইয়ের কাজ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জামালদী-হোসেন্দী সড়কটি স্থানীয় যোগাযোগের পাশাপাশি শিল্পাঞ্চলের জন্যও গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে নয়নাগর, গজারিয়া, কাজিপুর, গোসাইরচর, ফুলদী, দড়িকান্দি, কলসের কান্দি, বাঁশগাঁও, ইসমানিরচর, গোয়ালগাঁও, নাজিরচর, আশ্রাব্দি, হোসেন্দী, নতুনচর বলাকী, লঘুরচর, ভবানীপুর ও লস্করদীসহ অন্তত ১৭টি গ্রামের মানুষ যাতায়াত করেন। এ ছাড়া এলাকায় সিটি গ্রুপ, আনোয়ার গ্রুপ ও আবুল খায়ের গ্রুপের শিল্পকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাশাপাশি পণ্যবাহী লরি, কার্গো, ট্রাক ও পিকআপও এ সড়ক ব্যবহার করে। সেতুর নির্মাণকাজ ধীরগতিতে চলায় বিকল্প পথে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে যানজট সৃষ্টি হচ্ছে এবং কর্মজীবী মানুষ ও পণ্য পরিবহনে নিয়োজিত চালকদের সময় নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, দীর্ঘদিন নির্মাণকাজ পুরোপুরি বন্ধ ছিল। কয়েক দিন আগে শুধু ওপরের অংশে ঢালাই করা হয়েছে। কাজের ধীরগতির কারণে দিন-রাত যানজট লেগে থাকে। এলাকার মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই।
আরেক বাসিন্দা মিলন মিয়া বলেন, এখানে আদৌ সেতুর প্রয়োজন ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কলকারখানার ময়লা-আবর্জনায় খালটি বহু আগেই মরে গেছে। সেখানে মাটি ভরাট করে রাস্তা তৈরি করা হলে সরকারের বিপুল অর্থ সাশ্রয় হতে পারত, মানুষের দুর্ভোগও কমত।
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, কাজ প্রায় শেষের দিকে। অনেক কষ্টে ঠিকাদারকে দিয়ে কাজ করাতে হচ্ছে। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার কাজ করতে চাচ্ছেন না।
তবে নির্ধারিত সময়ের তুলনায় নির্মাণকাজ শেষ হতে এত দেরি হওয়ার কারণ এবং সেতুটি কবে নাগাদ পুরোপুরি চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি।
এদিকে দ্রুত নির্মাণকাজ শেষ করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকেরা।
মতামত