মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাজারসংলগ্ন এক সময়ের খড়স্রোতা খালটি দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়েছে। বাজারের ময়লা-আবর্জনা ফেলা এবং দখলদারদের অবৈধ স্থাপনায় দখল হয়ে খালের স্বাভাবিক পানি প্রবাহ বহুদিন ধরেই বন্ধ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় খালটির অস্তিত্ব এখন চরম হুমকির মুখে।
সরেজমিনে দেখা যায়, খালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় পানি প্রবাহ পুরোপুরি থমকে আছে। টিকে থাকা অংশটিতেও নির্বিচারে ফেলা হচ্ছে বাজারের বর্জ্য, রেস্তোরাঁ ও বাসাবাড়ির আবর্জনা, ক্লিনিকের বর্জ্য, পলিথিনসহ নানা ময়লা। এসব বর্জ্যে জমে থাকা কচুরিপানা ও আগাছায় খালের গভীরতা কমে গেছে। মিশ্র বর্জ্যের পচা দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে, জন্ম নিচ্ছে মশা-মাছিসহ বিভিন্ন রোগবাহী কীটপতঙ্গ।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, মেঘনার শাখা কাজলা নদীর সঙ্গে যুক্ত এই খাল একসময় ভবেরচর, নয়াকান্দি, লক্ষ্মীপুর, হোগলাকান্দি, বাগাইয়াকান্দি ও ষষ্ঠিতলা গ্রামের মানুষের একমাত্র নৌপথ ছিল। পার্শ্ববর্তী জেলা-উপজেলা থেকেও ব্যবসায়ীরা নৌযানযোগে ভবেরচর বাজারে পণ্য আনতেন। কিন্তু দখল ও দূষণে খালটি মরা খালে পরিণত হওয়ায় বহু বছর ধরেই নৌ চলাচল বন্ধ।
লক্ষ্মীপুর গ্রামের ৬৫ বছর বয়সী সামছুল ইসলাম বলেন, “একসময় খালটিতে প্রবল পানি প্রবাহ ছিল। জোয়াড়-ভাটায় পানি উঠানামা করত। শৈশবে এ খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে বেড়িয়েছি। ধান, পাট, মাছ, গুড়—নানা পণ্যবাহী শত শত নৌকা ভিড়ত এখানে। এখন সবই অতীত।”
তিনি আরও বলেন, “কার্তিক-অগ্রহায়ণে পানি কমলে গ্রামজুড়ে শুরু হতো মাছ ধরার উৎসব। এখন আর কিছুই নেই।”
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর খাল দখল হলেও প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই। পুনঃখনন বা সংস্কারও হয়নি দীর্ঘদিন ধরে। খাল ভরাট করে দখলদাররা স্থাপনা গড়ে তোলায় কমে গেছে খালের প্রস্থ ও গভীরতা।
এলাকাবাসীরা অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ, জমে থাকা বর্জ্য অপসারণ এবং খালটির পুনঃখনন ও সংস্কার কাজের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবেরচরের ঐতিহ্যবাহী এ খালটি হারিয়ে যাবে চিরতরে।
মতামত