জ্বালানি তেলের সংকট কাটতে না কাটতেই এবার গ্যাসের তীব্র সংকটে পড়েছেন মুন্সীগঞ্জের গজারিয়ার সিএনজিচালিত অটোরিকশা ও যানবাহনের চালকেরা।
গ্যাসের চাপ কম থাকায় উপজেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি আয় কমে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

গতকাল বুধবার দুপুরে উপজেলার বালুয়াকান্দি ও আনারপুরা এলাকার দুটি সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। চালকদের কয়েক ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে। যেসব স্টেশনে গ্যাস সরবরাহ করা হচ্ছে, সেখানেও চাপ অত্যন্ত কম। আবার কোথাও কোথাও সাময়িক ভাবে গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে।
চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাসের জন্য অনেক সময় সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে দিনের একটি বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ে গাড়ি চালাতে না পারায় যাত্রীও হারাচ্ছেন তারা। ফলে আয় কমলেও সংসারের খরচ কমেনি।
সিএনজিচালিত অটোরিকশার চালক হান্নান মিয়া বলেন, সকাল ১১টার দিকে গ্যাস নিতে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়েছি। কখন গ্যাস পাব, তার কোনো নিশ্চয়তা নেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে। এরপর গাড়ি চালানোর সময়ও থাকে না। আমাদের আয় কমে গেছে, কিন্তু সংসারের খরচ তো কমেনি।
আরেক চালক মহরম মিয়া বলেন, গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে যাত্রী হারাতে হচ্ছে। অনেক সময় যাত্রীরা অপেক্ষা না করে অন্য গাড়িতে চলে যান। এতে আমাদের আয় কমে যাচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আমাদের মতো নিম্ন আয়ের চালকদের দুর্ভোগ আরও বাড়বে।
গ্যাস সংকটের কারণে চালকদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন বলে জানান স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি বলেন, ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। জরুরি প্রয়োজনে অনেক সময় সহজে সিএনজি অটোরিকশা পাওয়া যাচ্ছে না। দ্রুত এ সমস্যার সমাধান করা প্রয়োজন।
সিএনজি অটোরিকশার যাত্রী কাউছার মিয়া বলেন, অনেক সময় চালককে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি চালকদেরও আর্থিক ক্ষতি হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
ফিলিং স্টেশনের কর্মীরা জানান, মূল লাইনে গ্যাসের চাপ তীব্রভাবে কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
জেএমআই ফিলিং স্টেশনের কর্মকর্তা দিপক বলেন, জাতীয় লাইনে গ্যাস না থাকলে আমরা কীভাবে দেব? হঠাৎ সামান্য চাপ এলে আমরা গ্যাস সরবরাহের চেষ্টা করি। কিন্তু আমাদের করার কিছু নেই, আমরা নিরুপায়।
দ
চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না হলে তাদের রুটি-রুজি মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে নিম্ন আয়ের চালক ও তাদের পরিবারগুলো আরও বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
মতামত