মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চার ইউনিয়নে আহবায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। ইউনিয়নগুলো হলো, গজারিয়া, টেংগারচর,বাউশিয়া ও বালুয়াকান্দি।
খবর নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটির কাগজ ছড়িয়ে পড়ে। সেখানে চলতি মাসের ১৫ তারিখ কমিটি অনুমোদন করা হয় দেখা যায়। গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিক কমিটিগুলো অনুমোদন করেছেন।
সদ্য ঘোষিত গজারিয়া ইউনিয়ন কমিটিতে মোশারফ হোসেন (স্বপন সরকার)কে আহবায়ক ও মোঃ কাজী রিয়াজকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। টেংগারচর ইউনিয়নে মোঃ গিয়াস উদ্দিনকে আহবায়ক এম.এ. হানিফকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নতুন দেওয়া হয়েছে। বালুয়াকান্দি ইউনিয়নে বোরহান উদ্দিন ভূঁইয়াকে আহবায়ক ও শরীফ হোসেন মাস্টারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। বাউশিয়া ইউপিতে হাসমত আলী তাঁতিকে আহবায়ক ও আহাদ মিয়া মাস্টারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। ইউনিয়ন কমিটিকে আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড কমিটির গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এদিকে আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে চাঁদাবাজির ঘটনায় আপত্তিকর কল রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় আলোচনায় থাকা বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে কমিটিতে সিনিয়র যুগ্ন-আহবায়ক করা হয়েছে। অন্যদিকে এক নারীর সাথে আপত্তিকর কল রেকর্ড ফাঁস হয়ে আলোচনায় থাকা বাউশিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাসমত আলী তাঁতিকে কমিটিতে আহবায়ক নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন কয়েকজন নেতাকর্মী।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন, 'আজকে আমরা চারটি ইউনিয়নে কমিটি ঘোষণা করলাম। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কমিটি ঘোষণা হবে। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব বাছাই করা হয়েছে।
এখনো পর্যন্ত ঘোষিত কমিটির ব্যাপারে কেউ কোন আপত্তি করেনি।
মতামত