মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরা গ্রামে চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছে দুই চোর। পরবর্তীতে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল ও অনেকগুলো চাবি উদ্ধার করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি গ্রামের রাজু (৩৪) ও রতন (৩৩)।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মাকসুদা বেগম বলেন, "শনিবার রাত দেড়টার দিকে আমাদের বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে অবস্থানকালে স্থানীয়রা তাদের আটক করে। এ সময় কৌশল অবলম্বন করে আরও একজন পালিয়ে যায়। তাদের অবস্থা দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে তারা চুরির প্রস্তুতি নিচ্ছিল। এর আগে আমার বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটেছে; এই কাজের সাথেও তারা জড়িত থাকতে পারে। স্থানীয়রা আটক করার পর কেন সেখানে এসেছে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে আমরা তাদের পুলিশে সোপর্দ করি।"
ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী শ্যামল বলেন, "জনতার হাতে আটক দুই চোরের কাছ থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল এবং বেশ কয়েকটি চাবি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি চোরাই এবং চাবিগুলো দিয়ে তারা তালা খোলার কাজ করত। আটক দুজন প্রথমে দাবি করেছিল যে তারা এই এলাকায় শাহীন নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা কিনতে এসেছে কিন্তু আমাদের এলাকায় এই নামে কোনো ব্যক্তি নেই; তারা মিথ্যা কথা বলেছে। মূলত তারা মোটরসাইকেল ও গরু চুরির সাথে জড়িত।"
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, "স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিল তা আমরা খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
মতামত