মুন্সীগঞ্জের গজারিয়ায় ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন আমেনা বেগম নামে এক প্রবীণ নারী।
পরিবারের দাবি অনুযায়ী তার বয়স প্রায় ১৩৫ বছর। বয়সের ভারে ন্যুব্জ শরীর, হাঁটতে অক্ষম-তবুও ভোট দেওয়ার আগ্রহে তিনি হাজির হন কেন্দ্রে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
আমেনা বেগম উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজে হাঁটতে না পারায় ছেলে শামসুল হক ঢালীর কোলে করেই কেন্দ্রে আসেন।
ভোট দেওয়ার পর আমেনা বেগম বলেন,
আমার শরীরটা ভালা না। ছেলেরে কইছি, ভোটের দিন আমারে লইয়া যাইবা-আমি ভোট দিমু। হাঁটতে পারি না, তাই কোলে কইরা আনছে। আমি যারে ভালা পাই তারেই ভোট দিছি। ভোট দিয়া ভালা লাগতেছে।
তার ছেলে শামসুল হক ঢালী বলেন, মা নিজে থেকেই ভোট দিতে চেয়েছেন। তিনি হাঁটতে পারেন না। বয়স অনেক হয়েছে। তাই কোলে করে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে মা খুব খুশি।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, “আমেনা বেগমের বয়স ১৩৫ বছর ঠিক কি না জানি না, তবে তিনি আমাদের এলাকার সবচেয়ে প্রবীণ নারী। তাকে ছেলের কোলে করে ভোট দিতে আসতে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন।
স্থানীয়দের মতে, বয়সের ভার ও শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের এই দৃশ্য গণতান্ত্রিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কেন্দ্রজুড়ে এ সময় উৎসুক জনতার ভিড় দেখা যায়। অনেকে মোবাইলে ছবিও ধারণ করেন। গজারিয়ায় প্রবীণ এই নারীর ভোটদানের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে, যা ভোটারদের মধ্যে নতুন করে উৎসাহ জোগায় বলে মনে করছেন অনেকে।
মতামত