মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিভিন্ন ফলজ ও কাঠজাত গাছ কর্তন ও মারধর এবং নারী নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ওই দিন দুপুরে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীনগর গ্রামের বাসিন্দা মিজান ঢালী (৪৫) প্রায় ১৪ থেকে ১৫ বছর আগে শ্রীনগর মৌজা কাউনিয়া কান্দি খেলার মাঠ সংলগ্ন ২২ শতাংশ জমি ক্রয় করেন। পরে তিনি ওই জমিতে ফলজ ও কাঠজাতসহ প্রায় ২৫ থেকে ২৬টি গাছ রোপণ করেন।
কিন্তু একই এলাকার হাজী আবদুল আওয়াল ঢালী, রাজিব ঢালী, তারিকুল ঢালী, রায়হান ঢালী ও কামরুল ঢালী গংরা দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন। তারা একাধিকবার জমিতে রোপণ করা গাছ কাটার চেষ্টা করেন এবং জোরপূর্বক দখল নেওয়ার হুমকি দেন।
বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে অভিযুক্তরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে অভিযুক্তরা পরিকল্পিতভাবে ভুক্তভোগীর জমিতে থাকা সব গাছ কেটে ফেলে। এ খবর পেয়ে ভুক্তভোগী মিজান ঢালী তার দুই বোন রোজিয়া ঢালী (৩০) ও রাজিয়া ঢালী (৩৫) কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার দুই বোনকে শ্লীলতাহানি করে এবং তিনজনকেই মারধর করে নীলাফুলা জখম করে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ভুক্তভোগী মিজান ঢালী অভিযোগ করে বলেন, ২৫ থেকে ২৬টি গাছ কেটে তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছে। আমি ও আমার দুই বোন বাধা দিলে আমাদের ওপর হামলা চালানো হয় এবং আমার দুই বোনের শ্লীলতাহানি করা হয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত রাজিব ঢালী ও তার লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত