চাঁদপুরের মতলব উপজেলার বদরপুর গ্রামে পীর ও সাধক হযরত শাহ সুফি সোলায়মান (রহ.) লেংটা মাজারের বাৎসরিক ওরশ ও মেলা কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী পথে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ট্রলার মালিকদের বিরুদ্ধে। এতে ভক্ত ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, ঐতিহ্যবাহী ১০৭তম সোলেমান লেংটার ওরশ ও মেলা মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে তিন দিন। মেলায় অংশ নিতে মুন্সীগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জের সোনারগাঁও, কুমিল্লার মেঘনা এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত নদী পথে মতলবের উদ্দেশ্যে যাতায়াত করছেন।
গতকাল মঙ্গলবার বিকালে গজারিয়া উপজেলার নতুন চর চাষী নদীর ঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটে নারী পুরুষের ভিড় লেগে আছে। একাধিক ট্রলারে অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, সুযোগে ট্রলার মালিকরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। যেখানে জনপ্রতি ভাড়া ৩০ টাকা, সেখানে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। একই সঙ্গে ট্রলার গুলোতে নির্ধারিত ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে, যা যাত্রীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। প্রতিবাদ করলেও কোনো ফল মিলছে না।
অন্যদিকে, একাধিক ট্রলার মালিকরা জানান, তেলের সংকট এবং ওরশ উপলক্ষে তিন দিন আমরা যাত্রী আনা নেওয়া করবো। এর পরে এখানে তেমন যাত্রী পাওয়া যায় না। ওরশের সময়ে আমরা অতিরিক্ত ভাড়া নেই।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। নদীপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হচ্ছে এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত