মুন্সীগঞ্জের গজারিয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা মূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রসুলপুর খেয়াঘাট হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ডা. হামিদা মুস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনির হোসেন, গজারিয়া উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মো. মুক্তার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মতামত