মুন্সীগঞ্জের গজারিয়ায় টানা কয়েকদিনের দুঃসহ তীব্র তাপদাহ শেষে অবশেষে বৃষ্টিতে জনজীবনে ফিরেছে স্বস্তি।
গতকাল রোববার বিকেল ৪টার পর উপজেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হলে গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফিরে আসে।
জানা যায়, দিনভর তীব্র গরমে গজারিয়ার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। সকাল থেকেই অস্বস্তিকর তাপদাহে সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে যায়। এর সঙ্গে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তোলে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসপাড়া, হাসপাতালের চিকিৎসক নার্স, রোগী, শিল্পকারখানার শ্রমিক এবং শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, তীব্র গরম থেকে বাঁচতে অনেকে ছায়াঘেরা স্থানে আশ্রয় নেন। বাড়ির পাশে নদী ও খালে কিশোর কিশোরীদের দলবেঁধে দীর্ঘ সময় পানিতে নামতে দেখা যায়। বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও সেবা কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা গরমে দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়েছিল। বৃষ্টির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
নয়াকান্দি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, গরমে ঘর থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। বিদ্যুৎ ও ঠিকমতো ছিল না। আজকের বৃষ্টি আমাদের অনেক স্বস্তি দিয়েছে।
একই এলাকার নির্মাণ শ্রমিক সালমা আক্তার বলেন, সারাদিন কাজ করে প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছিল। বৃষ্টির পর এখন কিছুটা আরাম লাগছে।
এদিকে বৃষ্টি নামায় সাময়িক স্বস্তি ফিরলেও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান চান স্থানীয়রা। তাদের অভিযোগ, বিশেষ করে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে এসএসসি পরীক্ষার্থীরা।
এবিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মজিবুল হক জানান, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর চাহিদা ১৬২ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৮৮ মেগাওয়াট। ফলে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে।
অপরদিকে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, টানা তাপদাহে মাঠপর্যায়ে কিছু ফসল, বিশেষ করে সবজি ও বীজতলার ওপর চাপ সৃষ্টি হয়েছিল। এই বৃষ্টিতে মাটির আর্দ্রতা ফিরে আসায় আমন ধানসহ বিভিন্ন ফসল উপকৃত হবে। তবে অতিবৃষ্টির সম্ভাবনায় নিচু জমিতে জলাবদ্ধতার ঝুঁকি থাকতে পারে বলে তিনি কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেন।
মতামত