মুন্সীগঞ্জের গজারিয়ায় নিউ ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্ট ও ঢাকা মিষ্টিমুখ এন্ড রেস্টুরেন্ট নামে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
এসময় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল রোববার দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাস স্ট্যান্ড ও ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে আনারপুরা এলাকার নিউ ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ এবং খাবার ঢেকে না রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা মিষ্টিমুখ অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাবার প্রস্তুত, ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা, কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকা এবং দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির ম্যানেজার তপন চৌধুরীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, গজারিয়ায় সব রেস্টুরেন্টে নিয়মিত অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
মতামত