মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরাঞ্চলের আমন ধান খেতে পাখির উপদ্রব ঠেকাতে কারেন্ট জাল পেতে রেখেছে কৃষকেরা। জালে আটকা পড়ে মারা যাচ্ছে বিভিন্ন ধরনের পাখি। এতে পরিবেশবাদী ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জামালদী, ভাটেরচর,টেংগারচরসহ চরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ ধানখেতের ওপর খুঁটি পুঁতে কারেন্ট জাল টানিয়ে রাখা হয়েছে। কোথাও পুরো জমি, আবার কোথাও আংশিক ভাবে জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এসব জালে পাখি আটকা পড়ে মারা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলার বিভিন্ন এলাকায় শত শত বিঘা জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধান পাকতে শুরু করায় টিয়া, চড়ুই, শালিক, ঘুঘুসহ বিভিন্ন পাখি ধান খেতে আসছে।ফসলের ক্ষতি কমাতে কৃষকেরা কাকতাড়ুয়া, রঙিন ফিতা ও শব্দ তৈরির ব্যবস্থা করলেও অনেকেই কারেন্ট জাল ব্যবহার করছেন। এতে ফসল যেমন রক্ষা পাচ্ছে, তেমনি অসংখ্য পাখিও ফাঁদে পড়ছে।
জামালদী গ্রামের কৃষক আবদুল করিম বলেন, আমার দুই কানি জমিতে ধান হয়েছে। টিয়া, শালিক, ফিঙে ও ঘুঘুসহ নানা পাখি ধান খেয়ে নষ্ট করে। তাই বাধ্য হয়ে জাল টানিয়েছি। অনেক সময় পাখি আটকা পড়ে যায়। চোখে পড়লে ছেড়ে দিই, তবে সব সময় তা সম্ভব হয় না।
টেংগারচর গ্রামের কৃষক মিজান বলেন, ধারদেনা করে দেড় কানি জমিতে ধান আবাদ করেছি। নানা উপায়ে চেষ্টা করেও পাখি ঠেকাতে পারিনি। তাই কারেন্ট জাল ব্যবহার করছি। তবে আটকা পড়া পাখি দেখলে ছেড়ে দেওয়ার চেষ্টা করি।
পরিবেশ রক্ষা সংগঠনের নেতা ও সাংবাদিক সফিক ঢালী বলেন, পরিবেশের জন্য উপকারী এসব পাখি নির্বিচারে মারা যাচ্ছে। অথচ পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষকদের সচেতন করার পাশাপাশি প্রশাসনেরও নজরদারি বাড়ানো প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, পাখি শুধু ধান খায় না, ক্ষতিকর নানা পোকামাকড়ও খেয়ে ফসল রক্ষা করে। পাশাপাশি পরাগায়ন, বীজ বিস্তার এবং প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বিচারে গাছ কাটা, খাদ্যসংকট ও রাসায়নিকের অতিরিক্ত ব্যবহারে এমনিতেই অনেক প্রজাতির পাখি হুমকির মুখে। তার ওপর কারেন্ট জালের মতো মৃত্যুফাঁদ তাদের অস্তিত্বকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি আইনগত ভাবে দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যতটুকু ফসলের ক্ষতি করে, তার চেয়ে বেশি উপকার করে ক্ষতিকর পোকা খেয়ে। তাই কারেন্ট জালের মতো মৃত্যুফাঁদ ব্যবহার না করে কাকতাড়ুয়া, রঙিন ফিতা, শব্দ তৈরির ব্যবস্থা কিংবা অন্যান্য পরিবেশ বান্ধব পদ্ধতিতে পাখি তাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগ কাজ করছে।
মতামত