মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্যাতিত, অসহায় ও দুঃস্থ নারী-শিশুদের মাঝে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপকার ভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান রতন বলেন, নির্যাতিত, অসহায় ও দুঃস্থ নারী-শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রত্যেক মানুষের দায়িত্ব। তাদের কষ্ট লাঘবে সরকারি সহায়তা যথাযথ ভাবে পৌঁছে দিতে হবে।যারা প্রকৃত অর্থে অসহায় ও সহযোগিতার প্রয়োজন রয়েছে, তাদের অগ্রাধিকার দিয়ে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে কোনো ভাবেই অপাত্রে না যায়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। প্রকৃত উপকারভোগীদের যাচাই-বাছাই করে স্বচ্ছতার সঙ্গে সহায়তা প্রদান করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া।
এ সময় উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ইসহাক আলী, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এবং অনুদানের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে এমপি কামরুজ্জামান রতন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকলের প্রতি দোয়ার আহ্বান জানান।
মতামত