মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে গেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রাকের চালক, হেলপার পথচারী ও অন্যান্য যানবাহনের যাত্রীরা।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাউশিয়া ইউনিয়নের ব্যস্ততম দরি বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে ঘটনাস্থলে ঢাকামুখী একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। পরে ট্রাকে থাকা রডসহ অন্যান্য মালামাল সরিয়ে নেওয়া হয়। এ সময় সড়ক পারাপাররত কয়েকজন পথচারী ও আশপাশে থাকা লোকজন দ্রুত সরে গেলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে প্রতিবছর সংস্কারের কিছুদিন পরই সড়কের বিভিন্ন স্থানে ঢেউয়ের মতো উঁচুনিচু হয়ে যায়। ফলে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয় এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি টেকসই ভাবে সংস্কারের দাবি জানিয়ে আসছেন।
এবিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত