মুন্সীগঞ্জের গজারিয়ায় এসএসসি পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীদের অংশ গ্রহণের পাশাপাশি বাইরে ফুটপাতজুড়ে উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষার চিত্র চোখে পড়েছে। কেউ পত্রিকা পড়ে, কেউবা গল্প করে সময় কাটালেও সবার মনেই ছিল দুশ্চিন্তা আর সন্তানের জন্য দোয়া।
গতকাল রোববার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় অংশ নিতে সাড়ে ৯টার মধ্যেই উপজেলার বিভিন্ন কেন্দ্র, গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল, গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হয় পরীক্ষার্থীরা। শেষ মুহূর্তের পরামর্শ ও দোয়া নিয়ে তারা কেন্দ্রে প্রবেশ করে।
ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাতে বসে থাকা এক মা বলেন, আমার মেয়ের প্রস্তুতি ভালো। আজ ইংরেজি প্রথমপত্র, তাই একটু টেনশন কাজ করছে। ও যেন ভয় না পায়, ঠিক ভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য দোয়া করছি।
গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রের সামনে অপেক্ষমাণ এক বাবা জানান, আজ আমার চাকরি ছিল, কিন্তু ছেলের পরীক্ষার জন্য ছুটি নিয়েছি। তিন ঘণ্টা সময়টা খুব অস্থিরতায় কাটছে।
অন্যদিকে,গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে অপেক্ষমাণ গৃহিণী মৌসুমী দাস বলেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাসায় গিয়ে শান্তিতে থাকতে পারব না। জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে ছেলে অংশ নিচ্ছে, তাই দুশ্চিন্তা থাকবেই।
এদিকে, সকালে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এ কেন্দ্র দুটি পরিদর্শন করেন মুন্সীগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক। তিনি দৈনিক মুন্সীগঞ্জের সময় কে বলেন, প্রশ্ন পাওয়ার পর পরীক্ষার্থীদের প্রাথমিক উৎকণ্ঠা কেটে গেছে। তারা সাবলীল ভাবে পরীক্ষা দিচ্ছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। কেন্দ্রের সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্ধারিত সদস্য ছাড়া কাউকে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগামী দিনগুলোতেও একই ভাবে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে পরীক্ষা সম্পন্ন করা হবে বলে আমরা আশাবাদী।
তবে ভবেরচর-রসুলপুর সড়কের ভবেরচর বাজার থেকে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় পর্যন্ত এলাকায় পরীক্ষা শুরুর আগে ও শেষে যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের।
কয়েকজন পরীক্ষার্থী জানান, সকাল ৯টা থেকে ১০টা এবং দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হলে দুর্ভোগ কমবে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা-২০২৬ উপলক্ষে গজারিয়া উপজেলার চারটি কেন্দ্রে মোট ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ইংরেজি প্রথম পত্র ও গণিত বিভাগ পরীক্ষায় ১৯ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে বালক ৮ জন এবং বালিকা ১১ জন।#######
মতামত