মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে মহশিন প্রধান (২২) নামে এক অটোরিকশা চালককে মারধরের অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মহশিন প্রধান ওই গ্রামের নুরুজ্জামান প্রধানের ছেলে। বর্তমানে তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সুত্রে জানা যায়, মহশিন প্রধানের সঙ্গে একই গ্রামের কাওছার শিকদারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ঘটনার দিন মহশিন কালীপুরা খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথে কাওছার শিকদার ও তার কয়েকজন সহযোগী তার অটোরিকশায় উঠতে চাইলে তিনি এতে আপত্তি জানান। পরে তারা অন্য একটি অটোরিকশায় করে হোগলাকান্দি এলাকায় এসে মহশিনের গতিরোধ করেন। এসময় মহশিনকে এলোপাতাড়ি মারধর করেন এবং তার কাছে থাকা ১০ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেন। একপর্যায়ে মহশিনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আহতের বড় ভাই হান্নান প্রধান বলেন, কয়েক মাস আগে চুরির একটি ঘটনায় কাওছারকে হাতেনাতে ধরার পর থেকেই আমাদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। সেই ঘটনার জের ধরেই আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে।”
তবে অভিযোগের বিষয়ে কাওছার শিকদারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই হাসিব বলেন, ভুক্তভোগী পক্ষ থানায় এসেছে। তাদের একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত