ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় গত তিন দিনে মোটরসাইকেল চালক ও এক নারী পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া পৃথক আরও দুই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের ভাটেরচর এলাকায় একটি সেতুর ওপর কুমিল্লাগামী লেনে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে অর্ণব সজীব (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত অর্ণব উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের আলী আজম সরকারের ছেলে।
এর পরদিন শুক্রবার রাত ৯টার দিকে মহাসড়কের ভিটিকান্দী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি প্রাইভেটকারের ধাক্কায় ইয়াসমিন (৩৬) নামে এক নারী পথচারী গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি ঢাকার কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা।
এদিকে শনিবার সকাল ১১টার দিকে মহাসড়কের গোমতী সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহাদ (১৮) ও আল ইমরান (১৯) নামে দুই তরুণ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা কুমিল্লার দাউদকান্দি উপজেলার শতানন্দি গ্রামের বাসিন্দা।
একই দিন দুপুর ২টার দিকে মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় ঢাকামুখী সড়কে একটি চালবোঝাই পিকআপ ভ্যানের পিছনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে বাবুল মিয়া (৪০) নামে চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। তিনি চাঁদপুর জেলার মোহনপুর গ্রামের রক্কু মিয়ার ছেলে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মহাসড়কে উল্টো পথে চলাচলকারী অবৈধ তিন চাকার যানবাহন, অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে নজরদারি বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আখন্দ বলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে কাজ করছে পুলিশ।
মতামত