ইরান-ইসরায়েল যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার প্রবণতায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অধিকাংশ ফিলিং স্টেশন এখন প্রায় তেলশূন্য হয়ে পড়েছে।
গতকাল বুধবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে ‘পেট্রোল নেই’, ‘অকটেন নেই’, ‘ডিজেল নেই’ লেখা হাতে তৈরি পোস্টার ঝুলতে দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চালকরা।
তেলের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও ব্যর্থ হয়ে অনেক চালককে রাস্তার পাশে কিংবা বন্ধ ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করতে দেখা গেছে। যদিও কিছু পাম্পে সিএনজি সরবরাহ স্বাভাবিক থাকায় সেখানে দীর্ঘ যানবাহনের লাইন লক্ষ্য করা গেছে।
সরেজমিনে বালুয়াকান্দি, আনারপুরা, আলীপুরা ও বাউশিয়া এলাকার অন্তত আটটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, অধিকাংশ পাম্পই কার্যত জনশূন্য। বিক্রয়কর্মীদের পরিবর্তে নিরাপত্তাকর্মীদের বসে থাকতে দেখা গেছে। তেল শেষ হয়ে যাওয়ায় অনেক পাম্পের প্রবেশপথ দড়ি বা অস্থায়ী ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে।
এদিকে তেলের অভাবে আন্তজেলা চলাচলকারী বেশ কয়েকটি ট্রাককে মহাসড়কের পাশে সারি করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
মহাসড়ক সংলগ্ন ফিদা ফিলিং স্টেশনের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা বেসরকারি চাকরিজীবী হাসান আলী বলেন, সকাল থেকে চারটি পাম্প ঘুরলাম, কোথাও এক লিটার তেলও পেলাম না। অফিসে যাব কীভাবে বুঝতে পারছি না। এখনই এই অবস্থা হলে সামনে কী হবে তা ভাবতেই ভয় লাগছে।
গাড়িতে তেল নিতে আসা মোজাফফর হোসেন বলেন, এভাবে তেল না থাকলে রাস্তায় গাড়ি বের করা সম্ভব হবে না। গ্যারেজ থেকে বের হয়েছি তেল নিতে, এখানে এসে দেখি ‘তেল নেই’ বোর্ড ঝুলছে। এখন গাড়ি রাস্তায় ফেলে রাখা ছাড়া উপায় নেই।
একটি ফিলিং স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তাকর্মী জানান, গত কয়েকদিন ধরেই মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। বুধবার দুপুরের মধ্যেই তাদের মজুত তেল শেষ হয়ে গেছে। এখন শুধু মানুষকে তেল নেই বলে ফিরিয়ে দিতে হচ্ছে।
তবে জেএমআই ফিলিং স্টেশনে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে তেল মজুত থাকায় শত শত চালক ভিড় জমিয়েছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাম্প কর্তৃপক্ষ সরকার নির্ধারিত সীমিত পরিমাণে তেল দিচ্ছে। পাম্পের প্রবেশমুখে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে দেখা গেছে।
উজ্জ্বল নামের এক প্রাইভেটকার চালক বলেন, সারা গজারিয়া ঘুরে কোথাও তেল পাইনি। এখানে এসে শুনলাম তেল দিচ্ছে। এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কখন গাড়ি পাম্পে পৌঁছাবে জানি না।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। কোথাও যেন কৃত্রিম সংকট তৈরি করে তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তিনি বলেন, পাম্প মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত না করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান।#########
মতামত