পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর কলেজ রোড এলাকার ভাই-বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে এক আন্তরিক ও সম্প্রীতিপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে ভবেরচর কলেজ রোড এলাকায় অবস্থিত গজারিয়া কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজির সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান খাঁন, মানিক সরকার, শাহীন খাঁনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও স্থানীয় তরুণ সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে নাজির সিকদার বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে সৈয়দ মোহাম্মদ শাকিল জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত এ উদ্যোগ গজারিয়ায় সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে এবং ভ্রাতৃত্বের বার্তা সর্বত্র ছড়িয়ে দেবে। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মতামত