‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।
গতকাল বুধবার সকালে গজারিয়া উপজেলা ফায়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয়। পরে আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের শুভ সূচনা ঘোষণা করা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা ফায়ার স্টেশন থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আগুন নির্বাপণের মহড়াও অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে দুর্যোগ ও দুর্ঘটনার সময় সাহসিকতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। অগ্নিঝুঁকি হ্রাস এবং দেশের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, যেকোনো উদ্ধার অভিযানে ফায়ার ফাইটারদের কার্যক্রম সফল করতে সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
মতামত