মুন্সীগঞ্জের গজারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়ায় সুশিল চন্দ্র দাশের বাড়ির প্রাঙ্গণ থেকে রথযাত্রার শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ পূজা, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন এবং প্রার্থনার আয়োজন করা হয়। পরে ভক্তদের উলুধ্বনি, শঙ্খ, কাঁসর ও ঢাক ঢোলের বাদ্যে মুখরিত পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ সুসজ্জিত রথে আরোহন করানো হয়।সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। এ বিশ্বাসে শতাধিক নারী-পুরুষ ও ভক্ত রথের দড়ি টেনে শোভাযাত্রায় অংশ নেন।
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশী, গজারিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিচরণ বর্মন, ভবেরচর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বব রঞ্জন চক্রবর্তী, ভবেরচর শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি কালাচাঁদ সাহা, বাউশিয়া শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুশিল চন্দ্র দাশসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে দেশ, জাতি ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন
মতামত