মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। তবে বাজারে এসব সবজির দাম তুলনামূলক বেশি হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।
গতকাল শনিবার উপজেলার ভবেরচর, রসুলপুর ও বাউশিয়া দাসকান্দি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আগাম শিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, ফুলকপি প্রতিটি ৭০ টাকা এবং মুলা ৭০ টাকা দরে। বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ১২০ টাকায়। দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা এবং সাধারণ শসা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে, প্রতি কেজি ৩০ টাকা।
বাজারে লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং টমেটো মানভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলা ৮০ টাকা কেজি, লাউ প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা এবং কচুরমুখি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির উচ্চমূল্যের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা মরিচের বাজারে। কয়েক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকায় উঠলেও সরবরাহ বাড়ায় বর্তমানে তা মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, গত কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ওঠানামা করছে। সোনালি মুরগির দাম রয়েছে ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে। ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমে বর্তমানে ১৪০ টাকায় নেমেছে। চারটি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।
মাছের বাজারেও দামের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা এবং বাইম ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা। মাঝারি আকারের রুই পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। মাছের আকার ও জীবিত-মৃত অবস্থার ওপর দাম নির্ভর করছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারভেদে মাছের দামে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পার্থক্য দেখা যাচ্ছে।
সব মিলিয়ে শীতকালীন আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের স্বস্তি মিলছে না। পাশাপাশি মাছ, মাংস ও মুরগির বাজারেও খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ।
বাজারে কয়েকজন ক্রেতা জানান, শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলেও দাম এখনো বেশ চড়া। নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেশি হওয়ায় সীমিত আয়ের মানুষের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম কমবে বলে তাঁরা আশা করছেন।
বিক্রেতারা জানান, বাজারে শীতকালীন আগাম সবজি আসতে শুরু করলেও সরবরাহ এখনো তুলনামূলক কম। ফলে দাম কিছুটা বেশি। তবে সরবরাহ বাড়লে শিম, ফুলকপিসহ শীতকালীন সবজির দাম কমে আসতে পারে। এদিকে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম আগের তুলনায় কমেছে। মুরগির দামও গত কয়েক সপ্তাহ ধরে ওঠানামার মধ্যে রয়েছে।
মতামত