মুন্সীগঞ্জের গজারিয়ায় সুপার বোর্ড মিলস লিমিটেড কর্তৃক মানুষের বসতবাড়ি ও সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখলের বিষয়ে দৈনিক মুন্সীগঞ্জের সময়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে কোম্পানিটির বালু ভরাট কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে জমি দখলের অভিযোগ ও ভূমির শ্রেণি পরিবর্তন সংক্রান্ত আইনি কাগজপত্র খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
গত রোববার (১১ অক্টোবর) গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে প্রায় ১০ ফুট উচ্চতায় বালু ভরাট করা হয়েছে। এর ফলে আশপাশের বেশ কয়েকটি টিনশেড ঘরের চাল পর্যন্ত বালু উঠে যায় এবং বালুমিশ্রিত পানি নিষ্কাশনের কারণে পার্শ্ববর্তী সরকারি খালটিও প্রায় ভরাট হয়ে যায। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় ভয়ভীতি প্রদর্শন করে এই বালু ভরাট কার্যক্রম চালানো হচ্ছিল।
এ বিষয়ে সোমবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক দৈনিক মুন্সীগঞ্জের সময়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি গজারিয়া উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। সংবাদ প্রকাশের সত্যতা পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে তদারকি বাড়িয়ে বালু ফেলার কাজ বন্ধ করে দেয় প্রশাসন।
স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি কেবল কাজ বন্ধ রাখাই যথেষ্ট নয়; বসতবাড়ি ও খালের ওপর জমে থাকা বালু দ্রুত অপসারণ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, 'বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই বালু ভরাট কার্যক্রম আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। বালু ভরাটের জন্য ভূমির শ্রেণি পরিবর্তনের কোনো অনুমতি সুপার বোর্ড কর্তৃপক্ষের কাছে আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। তদন্তে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
মতামত