মুন্সীগঞ্জের গজারিয়ায় বিউটি পার্লারে সাজতে গিয়ে এক কিশোরীর প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও রূপার নুপুর চুরির ঘটনা ঘটেছে।
গতকাল রোববার বিকেলে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার বাউশিয়া সমিতির মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘মাফিন্স মেকওভার’ নামের একটি বিউটি পার্লারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোরীর নাম নিঝুম (১৮)। সে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রামের শাহীন মিয়ার মেয়ে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিকেল তিনটার দিকে মাফিন্স মেকওভার বিউটি পার্লারে আসেন নিঝুম। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগে এক ভরি ওজনের কানের দুল, তিনটি আংটি এবং একজোড়া রূপার পায়ের নুপুর ছিল। পার্লারে প্রবেশ করে তিনি ব্যাগটি ভেতরের একটি সোফায় রেখে সাজতে বসেন। সাজগোজ শেষ করে অলঙ্কার গুলো পরতে গিয়ে তিনি দেখেন সোফায় রাখা ব্যাগটি আর নেই। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে মাফিন্স মেকওভার বিউটি পার্লারের স্বত্বাধিকারী সাব্বির হোসেন বলেন, তিনি সাথে করে কী নিয়ে এসেছিলেন তা আমাদের দেখাননি। জিনিসপত্র তার নিজের দায়িত্বেই রাখা ছিল। তাছাড়া রোববার পার্লারে অনেক কাস্টমার ছিল। ভিড়ের মধ্যে কে কীভাবে ব্যাগটি নিয়ে গেছে, তা আমি কীভাবে বলব?
এদিকে মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বাউশিয়া সমিতির মার্কেটে কেনা কাটা করতে আসা কয়েকজন ক্রেতা জানান, এত বড় একটি মার্কেটের ভেতরে পার্লার থেকে দিনদুপুরে এভাবে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। মার্কেটে সিসিটিভি ক্যামেরা বসানো থাকলেও তার অধিকাংশই নষ্ট হয়ে পড়ে আছে। ফলে বড় কোনো অপরাধ ঘটলে অপরাধী শনাক্ত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে মার্কেটের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে সচল সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা জোরদার করার জন্য মার্কেট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এই বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন জানান, এমন কোনো ঘটনা এখন পর্যন্ত পুলিশকে কেউ জানায়নি। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত