*ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়েছে পুরো উপজেলায়
* আবারও বিএনপির দুই পক্ষে সংঘর্ষের আশঙ্কা
ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিলকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। যুবদল নেতার গাড়ী ভাংচুর ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায়
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। মুহুর্তেই উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্কিত মানুষজন দ্বিকবিদিক ছোটাছুটি শুরু করে। সংঘর্ষে আহতদের মধ্যে স্বাধীন, সাইদুল, দেলোয়ার হোসেন, সাহিদা বেগম, জাকির হোসেন ও সিহাদকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাধীনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় উভয়পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
অন্যদিকে এ ঘটনার পর থেকে বিএনপির দুই পক্ষের উত্তেজনা পুরো উপজেলার ৮টি ইউনিয়নে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই তীব্র আকার ধারণ করছে। যে কোনো সময় গজারিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও রক্তক্ষরণ সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে। এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার দলীয় প্রার্থী হিসেবে কামরুজ্জামান রতনের নাম ঘোষণার পর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে মহিউদ্দিনের সমর্থকরা। এরই অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ড এলাকায় যুবদল নেতার নেতৃত্বে বিএনপির ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিলের আয়োজন করে বিএনপি নেতা মহিউদ্দিনের সমর্থকরা। মশাল মিছিলের শুরুর আগ মুহুর্তে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা বাঁধা দিলে দুই পক্ষে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হলো মুহুর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন প্রান ভয়ে দ্বিকবিদিক ছোটাছুটি শুরু করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এ সময় ভাঙচুর করা হয় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলী হোসেনের গাড়ি। এ ঘটনায় আহত ৭ জন বিএনপি নেতা মহিউদ্দিনের সমর্থক বলে জানা গেছে।
হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন রাজু বলেন, ' এই হাসপাতালে দুইজন আহত রোগী এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এর মধ্যে স্বাধীন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার দুই হাত ও মাথায় আঘাত রয়েছে।'
বিএনপির দলীয় প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক বলেন, গজারিয়া উপজেলার সন্তান কামরুজ্জামান রতন বিএনপির মনোনয়ন পাওয়ায় উপজেলায় আনন্দের বন্যা বইছে। এর মধ্যে আওয়ামী লীগের দালালরা মনোনয়নের বিরুদ্ধে মিছিল করার চেষ্টা করলে এলাকাবাসী একজোট হয়ে তাদের প্রতিহত করেছে।
বিএনপি নেতা মহিউদ্দিন সমর্থক উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলী হোসেন বলেন, সন্ত্রাসীরা আমার অফিসে হামলা চালিয়ে গাড়ি ভেঙে ফেলেছে। তাদের হামলায় বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছে। হামলাকারীরা কামরুজ্জামান রতনের সমর্থক।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ' খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ সময় গাড়ী ভাংচুর ও তিনজনকে আহত অবস্থায় দেখেছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে সেনাবাহিনীসহ যৌথভাবে এলাকায় টহলও জোরদার করা হয়েছে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মতামত