মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ সম্পন্ন হলেও এখনো পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর দে. এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়টি ১৯৭১ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং মাঠ সংকটসহ নানা কারণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২০-২১ অর্থ বছরে ভাটেরচর বাজারের পাশে একটি আধুনিক ৪তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলেও এখনো সেটি পুরোপুরি কার্যকর ভাবে হস্তান্তর ও ব্যবহার শুরু হয়নি। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীদের পুরোনো ভবনেই ক্লাস নিতে হচ্ছে। নতুন ভবনে প্রয়োজনীয় আসবাবপত্র ও কিছু সুবিধা স্থাপন না থাকায় সেটি এখনো ব্যবহার উপযোগী হয়নি।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে বিদ্যালয় গেলে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে বিদ্যালয়ের পাঠদান নতুন ভবনে স্থানান্তর নিয়ে বরইকান্দি ও মধ্য ভাটেরচর গ্রামের কিছু রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে পক্ষে-বিপক্ষে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এ কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে বলে তারা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, বিদ্যালয়ের স্থান পরিবর্তনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক প্রভাব ও আসন্ন স্থানীয় নির্বাচনের বিষয়টিও জড়িয়ে পড়েছে বলে আলোচনা রয়েছে।
তাদের অভিযোগ, একটি পক্ষ বিদ্যালয়টি পুরোনো ভবনেই রাখার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের মতে, পুরোনো ভবনটি যদি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, তাহলে নির্বাচনে প্রভাব বিস্তার ও অনিয়মের সুযোগ থাকতে পারে এমন ধারণা থেকেই তারা স্থানান্তরের বিরোধিতা করছে বলে দাবি করেন অভিভাবকরা।
অন্যদিকে, নতুন ভবনে ভোটকেন্দ্র স্থানান্তর করা হলে এমন প্রভাব খাটানোর সুযোগ কমে যাবে এ কারণেই একটি পক্ষ বিদ্যালয় স্থানান্তর প্রক্রিয়ায় বাধা দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন। নতুন ভবনটি চালু হলে আমরা পুরান ভবনটি কোন এক ব্যবসায়ীর কাছে ৬০-৭০ হাজার টাকা ভাড়া দিতে পাড়ি। তাদের কারনে ক্ষতি হচ্ছে। তবে এসব বিষয়ে কেউই কোনো পক্ষের নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে প্রধান শিক্ষক আলোচনা করেছেন। তার জানা মতে, আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন ভবনে পাঠদান শুরু হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, বিষয়টি তিনি অবগত আছেন এবং ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। নতুন ভবনে পাঠদান কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের অগ্রাধিকার। কোনো ধরনের জটিলতা থাকলে তা সমাধান করে খুব শিগগিরই নতুন ভবনটি ব্যবহার উপযোগী করে শিক্ষার্থীদের সেখানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।
মতামত