মুন্সীগঞ্জের গজারিয়ায় জনকল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেয়েছেন কয়েক শতাধিক রোগী। এ ছাড়া ছানি অপারেশনের জন্য ১০০ জন রোগীকে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় জনকল্যাণ সমিতির ইসলামুল হক চক্ষু হাসপাতালে দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল কাইউম।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব মফিজুর রহমান আলো, সহ-সভাপতি মো. এবাদুল্লাহ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আশরাফুল করিম বাবু, প্রচার সম্পাদক আলাউদ্দিন ও সদস্য মুরাদ হোসেন প্রমুখ।
আয়োজকেরা জানান, গজারিয়ার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় গত ৪০ বছর ধরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সেবা দিয়ে আসছে জনকল্যাণ সমিতি। এবারের চক্ষু শিবিরে পরীক্ষা-নিরীক্ষার পর ছানি অপারেশনের জন্য ১০০ জন রোগীকে নির্বাচন করা হয়েছে। তাঁদের চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। চিকিৎসা শেষে তাঁদের নিজ নিজ এলাকায় ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাও রয়েছে। প্রতি বছর এ কার্যক্রমের মাধ্যমে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের সুযোগ পান।
এদিকে কয়েকজন রোগী জানান, জনকল্যাণ সমিতির এ উদ্যোগে স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। এতে তাঁদের চিকিৎসার ব্যয় কমার পাশাপাশি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য তাঁরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মতামত