তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ মাঠকর্মী ও অফিস প্রধানদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রিগান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া কলিম উল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক শাহীন আলম, সাংবাদিক শেখ নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে তরুণরাই উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতায় তরুণদের সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
বক্তারা আরও বলেন, তরুণরা ফিরলে বাংলাদেশ ফিরবে। তাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাঠকর্মী ও অফিস প্রধানদের হাতে ক্রেস্ট এবং সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
মতামত