মুন্সীগঞ্জের গজারিয়ায় টানা বৃষ্টির মধ্যে হঠাৎ করেই ডাঙায় উঠে আসে কই মাছ। এ সময় স্থানীয়দের ডাঙা থেকেই মাছ ধরতে দেখা যায়।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রাম সংলগ্ন ফসলি মাঠে বৃষ্টির পানি জমে গেলে পাশের কাজলা নদী থেকে কই মাছ ডাঙায় উঠে আসে।
এ দৃশ্য দেখতে আশপাশের মানুষ ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। হঠাৎ এমন প্রাকৃতিক দৃশ্য স্থানীয়দের মধ্যে আনন্দের সঞ্চার করেছে, পাশাপাশি কারও কারও জন্য এটি বাড়তি আয়ের সুযোগ হয়ে উঠেছে।
হাত দিয়ে কই মাছ ধরছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও স্থানীয় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হাবিবুর রহমান। তিনি বলেন, জমিতে কয়েকজন যুবককে হাত দিয়ে কই মাছ ধরতে দেখে আমিও নেমে পড়ি। অল্প সময়েই প্রায় ৫০টির মতো মাছ ধরতে পেরেছি।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, বিভিন্ন অবৈধ ফাঁদের কারণে দেশীয় মাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। বিশেষ করে কারেন্ট জাল, ম্যাজিক চাই ও বিদ্যুৎ দিয়ে মাছ শিকারের ফলে কই মাছের মতো দেশীয় প্রজাতি এখন আগের মতো দেখা যায় না। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব মাছ নির্বিচারে আহরণ না করে সংরক্ষণ করা জরুরি।
এ বিষয়ে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, কই মাছ একটি সহনশীল দেশীয় প্রজাতির মাছ। বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হলে এবং পানিতে অক্সিজেনের মাত্রা কমে গেলে এসব মাছ স্বাভাবিক ভাবেই ডাঙায় উঠে আসে বা নতুন পানির উৎসের দিকে চলে যায়।”
তিনি আরও বলেন, এটি একটি প্রাকৃতিক আচরণ। তবে নির্বিচারে মাছ ধরা হলে দেশীয় প্রজাতির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই প্রজনন ও সংরক্ষণের বিষয়টি মাথায় রেখে সচেতন ভাবে মাছ আহরণ করা।
মতামত