মুন্সীগঞ্জের গজারিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাওন (২৯) নামে এক বখাটের বিরুদ্ধে।
অভিযুক্ত শাওন উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামের উত্তর পাড়ার মৃত দিলু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এর আগে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টারও অভিযোগ রয়েছে। একের পর এক এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী বর্তমানে সৌদি প্রবাসী। স্বামী দেশে থাকাকালীন ডিলারশিপের ব্যবসা করার সুবাদে শাওন সেখানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল। সেই পরিচয়ের সূত্রে শাওন প্রায়ই তার বাড়িতে যাতায়াত করত। একপর্যায়ে শাওন তাকে কুপ্রস্তাব দেয় এবং নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি শাওনের মা লিলি আক্তারকে জানানো হলেও তিনি ছেলেকে শাসন না করে উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধেই নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সর্বশেষ গত ২৭ এপ্রিল রাতে শাওন তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে কল করে তাকে ঘরের দরজা খোলা রাখতে বলে। এর প্রতিবাদ জানালে শাওন তার পরিবারের সদস্যদের জানমালের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়। বর্তমানে তিনি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
খবর নিয়ে জানা গেছে, শাওনের লালসা থেকে রেহাই পায়নি শিশুরাও। গত বছরের ১১ অক্টোবর রাতে একই গ্রামের এক ব্যক্তির ১১ বছর বয়সী কন্যাসন্তানকে ধর্ষণের চেষ্টা চালায় সে। ওই শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। রাতে ঘর থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার পথে শাওন তাকে জাপটে ধরলে শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং শাওন পালিয়ে যায়। ওই ঘটনায়ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
স্থানীয়রা জানান, শাওনের চারিত্রিক স্খলনের কারণে এলাকায় ইতিপূর্বে একাধিকবার বিচার-সালিস হয়েছে। কিন্তু কোনো কিছুতেই তাকে দমানো যাচ্ছে না। তার ও তার পরিবারের এমন ধৃষ্টতায় গ্রামের সাধারণ মানুষ এখন আতঙ্কিত।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অপরাধী যেই হোক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মতামত