মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গত নভেম্বর থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত ছয়জন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এতে জন-মনে আতঙ্ক দেখা দিয়েছে।
থানা সুত্রে জানা গেছে, নিখোঁজের এসব ঘটনায় পরিবার গুলো গজারিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ইতোমধ্যে তিনজন কিশোরীকে দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি নিখোঁজ কিশোরীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ঘটনাগুলোর মধ্যে দুইটি ঘটনায় মামলা হয়েছে বলে। নিখোঁজ কিশোরীদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। তারা উপজেলার ভবেরচর, লক্ষ্মীপুর, টেংগারচর ও বাউশিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, কেউ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে, কেউ বাজার বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের প্রভাব, মোবাইল ফোনে নিয়মিত কথোপকথন এবং পারিবারিক অসচেতনতার কারণে কিশোর-কিশোরীরা নানা সম্পর্কে জড়িয়ে পড়ছে। এর ফলশ্রুতিতে তারা পরিবার ছেড়ে গোপনে অন্যত্র চলে যাচ্ছে।
ভবেরচর গ্রামের এক অভিভাবক নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, আমাদের সন্তান সব সময়ই ভালো ছিল। হঠাৎ নিখোঁজ হওয়ার খবর শুনে পুরো পরিবার ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা চাই পুলিশ দ্রুত কাজ শেষ করে সন্তানদের আমাদের কাছে ফিরিয়ে আনুক।
আরেক অভিভাবক বলেন, ছেলে-মেয়েরা ফেসবুক ও মোবাইলের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। অনেক সময় আমরা অভিভাবক হিসেবে নজর রাখতে পারি না। এর প্রভাবেই আমাদের সন্তানরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে।
নয়াকান্দি গ্রামের আরেক অভিভাবক বলেন, রাজশাহী জেলার গোদাগাড়ীর রাজমিস্ত্রি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর গোদাগাড়ী থানা এলাকা থেকে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে আদালতে পাঠালে আদালত আমার জিম্মায় দেন।
এদিকে সুশীল সমাজের প্রতিনিধি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল সিকদার বলেন, কম বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়। এতে পড়াশোনা ব্যাহত হয়, জীবনের গুরুত্বপূর্ণ সম্ভাবনা গুলো নষ্ট হয়। তিনি মনে করেন, কিশোরীরা বাল্যবিয়ের ঝুঁকি বা ভবিষ্যৎ পরিণতি বুঝতে পারে না। তাই পরিবারকে আরও দায়িত্বশীল ও বন্ধুত্বপূর্ণ হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারে শৃঙ্খলা আনতে হবে।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ নিখোঁজের ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনই ৪ থেকে ৫টি করে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ আসছে। অনেক অভিভাবক জিডি না করে নিজেরাই বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। গত এক মাসে থানায় ছয়টি জিডি হয়েছে, এর মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দেখা গেছে, উদ্ধার হওয়া ঘটনা গুলোর সবই প্রেমঘটিত বিষয়ে ছেলে-মেয়েদের পালিয়ে যাওয়ার ঘটনা। বাকি কিশোরীদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ কাজে আমাদের পুলিশ সদস্যরা নিরলসভাবে পরিশ্রম করছেন।
মতামত