মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি রেস্তোরাঁ ও একটি মুদি দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বালুয়াকান্দিতে অবস্থিত মায়ামী রেস্টুরেন্ট ও স্থানীয় একটি মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার তদারকির নিয়মিত অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। নিয়মবহির্ভূত কার্যক্রম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে মায়ামী রেস্টুরেন্ট ২০ হাজার টাকা ও একটি মুদি দোকানকে তাৎক্ষণিকভাবে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোসাম্মৎ ফারহানা খান ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।#
মতামত