মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় তার সরাসরি প্রভাব পড়েছে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়।
এর ফলে দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশন গুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে এবং মহাসড়কজুড়ে বাড়ছে যানজট। এরই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দেখা দিয়েছে চরম ভোগান্তি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল থেকে আনারপুরা জেএমআই ফিলিং স্টেশন থেকে ভবেরচর এলাকা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ঢাকামুখী সড়কে এ যানজট সৃষ্টি হয়েছে। রাত ৯টা পর্যন্ত প্রতিবেদন লেখা সময়ও যানজট অব্যাহত ছিল।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এক পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ট্রাক, কাভার্ডভ্যান, বাসসহ বিভিন্ন যানবাহন। জ্বালানি নিতে অপেক্ষারত এসব যানবাহনের কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকচালক ইয়াছিন মোল্লা জানান,বিকেল থেকে লাইনে আছি, এখন রাত হয়ে যাচ্ছে। তেল পাব কি না তাও নিশ্চিত না। কাজ বন্ধ রেখে শুধু লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
জোনাকি পরিবহনের এক বাসচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে যাত্রীদের চাপ, অন্যদিকে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সব মিলিয়ে আমরা চরম বিপাকে আছি। এতে আয়ও কমে যাচ্ছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনই একই চিত্র দেখা যাচ্ছে। ফিলিং স্টেশন ঘিরে তৈরি হওয়া এই দীর্ঘ লাইনের কারণে মহাসড়কে স্বাভাবিক গতি অনেকটাই কমে গেছে।
এদিকে, সংকট নিরসনে সরকারের নানা উদ্যোগ থাকলেও মাঠ পর্যায়ে তার কার্যকারিতা খুব একটা দৃশ্যমান নয় বলে অভিযোগ রয়েছে। বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং মহাসড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত না করলে এ ভোগান্তি আরও বাড়তে পারে।
এ বিষয়ে জেএমআই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, গজারিয়ার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকায় এখানে চাপ বেড়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছি, তবে সরবরাহ স্বাভাবিক না হলে সমস্যা থেকেই যাবে।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামাল আখন্দ জানান, যানজট নিরসনে আমরা কাজ করছি। তবে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইনের কারণে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।
মতামত