কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনার আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার মুন্সীগঞ্জের গজারিয়ায় একই ধরনের পতাকা দেখা যাওয়ায় ঘিরে আলোচনা শুরু হয়েছে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজ ও সড়ক বিভাজকের গ্রিলে সারিবদ্ধভাবে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় একদল যুবক এসব পতাকা টাঙিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে মহাসড়কের এভাবে পতাকা টাঙানোয় নানা প্রশ্ন উঠেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো টাঙিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ কেউ প্রাথমিক ভাবে মাদ্রাসা পড়ুয়া কয়েকজন যুবকের সম্পৃক্ততার কথা বললেও, তা যাচাই করা যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা টাঙিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।########
উল্লেখ্য, এর আগে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় রাস্তার দুই পাশে একই ধরনের কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই ঘটনার পর গজারিয়ায়ও একই ধরনের পতাকা দেখা যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
মতামত