মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগ জনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে গাঁজা ও ইয়াবার অবাধ বেচাকেনায় তরুণ ও যুব সমাজের একটি অংশ আসক্ত হয়ে পড়ছে। ফলে মাদকাসক্তদের মধ্যে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাউশিয়া, ভবেরচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বর্তমানে মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।
বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া, আব্দুল্লাহপুর, পুরান বাউশিয়া, মধ্যম বাউশিয়া ও পোড়াচক বাউশিয়া, ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাগান বাড়ী, লক্ষ্মীপুর, পৈক্ষারপাড় ও ভিটিকান্দি এবং বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া, কাজীরগাঁও ও বালুয়াকান্দি এলাকায় প্রকাশ্যে মাদক কেনা বেচার অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, কিছু উঠতি বয়সী মাদক ব্যবসায়ী সাধারণ ভদ্রবেশে ঘুরে বেড়িয়ে পকেটে ইয়াবা বহন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্রি করছে। আবার সংঘবদ্ধ চক্র বড় বড় চালানও পাচার করছে। অনেক ক্ষেত্রে তাদের দেখে মাদক ব্যবসায়ী বলে সন্দেহ করারও সুযোগ থাকে না।
এলাকাবাসীর ভাষ্য, গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তনের সুযোগে কিছু এলাকায় মাদক কারবারিদের তৎপরতা বেড়েছে। সংশ্লিষ্ট গ্রামের কয়েকজন প্রভাব শালীর ছত্রচ্ছায়ায় এসব স্পট পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মাদকের টাকা জোগাড় করতে না পেরে অনেক আসক্ত টিউবওয়েল, ঘরের হাঁড়ি-পাতিল, গ্যারেজের তালা ভেঙে অটোরিকশার ব্যাটারি চুরি, এমনকি ফাঁকা বাসার তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা জানান। এতে পরিবার গুলোতে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
প্রশাসন,সচেতন জনগণ ও নির্বাচিত জন প্রতিনিধিরা এ বিষয়ে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিয্যতে মাদকের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিজ্ঞ মহল।
সম্প্রতি ভবেরচর বাসস্ট্যান্ড থেকে এক কলেজ শিক্ষার্থীকে পুলিশের সোর্স সন্দেহে ১০ থেকে ১২ জন যুবক অপহরণ করে পাশের আব্দুল্লাহপুর গ্রামের একটি জঙ্গলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে তাকে মারধর, জোরপূর্বক মাদক সেবনের ভিডিও ধারণ এবং হাতে জ্বলন্ত সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে তিনি সাধারণ শিক্ষার্থী বলে নিশ্চিত হলে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদকসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করছে।
তবে স্থানীয়দের অভিযোগ, এসব অভিযানে মূলত খুচরা পর্যায়ের মাদকসেবী ও ছোট কারবারিরাই আইনের আওতায় এলেও প্রভাবশালী মাদক ব্যবসায়ী ও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। গ্রেপ্তার হওয়া অনেকেই জামিনে মুক্ত হয়ে আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। ফলে ধারাবাহিক অভিযান সত্ত্বেও মাদক নির্মূলে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে বিভিন্ন এলাকায় সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতারা মাদক কারবারিদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছেন। পাশাপাশি তাদের মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা চাই, যারা এ ব্যবসার সঙ্গে জড়িত তারা স্বেচ্ছায় এই পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত। তবে যারা মাদক ব্যবসা অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে।
সচেতন মহলের মতে, প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা সম্ভব নয়। তারা মাদকের মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি (তদন্ত) সাব্বির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত ভাবে পরিচালিত হচ্ছে। অভিযানে গ্রেপ্তার হওয়া অনেকেই আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে, যা মাদক নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, মাদক নির্মূল করতে হলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়, এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং সাধারণ মানুষ সবাইকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। কোথাও মাদক ব্যবসা বা মাদক সেবনের সুনির্দিষ্ট তথ্য পেলে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মতামত