মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক পরিবহনের সময় স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া এলাকার ডিজিটাল পেপার মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শাহাবুদ্দিন (৩০)। সে ওই ইউনিয়নের আড়ালিয়া গ্রামের অনু মিয়ার ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মাদক পরিবহনের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে।অপরাধী নিজেও সাক্ষীদের সামনে তার অপরাধ স্বীকার করেছে। এ কারণে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের টাকা পরিশোধের পর তাকে জেল পরোয়ানামূলে কারাদণ্ড ভোগের জন্য মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।#
মতামত