মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদী এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ছোট ইঞ্জিনচালিত ট্রলারে থাকা দুই ব্যক্তি মালবাহী নৌযানের গতিরোধ করে জোরপূর্বক টাকা আদায় করছে। একজন ট্রলারের বইঠা ধরে রাখছে, অন্যজন মালবাহী নৌযান থেকে চাঁদা নিচ্ছে। ঘটনাটি দিনের বেলায় ঘটেছে বলে জানা গেছে।
গতকাল বুধবার আড়ালিয়া গ্রামে গিয়ে
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় বিভিন্ন মালবাহী নৌযান থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করছে। তাদের দাবিকৃত টাকা না দিলে নৌযানের চলাচলে বাধা দেওয়া, শ্রমিকদের হুমকি ও মারধরের অভিযোগও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রলারচালক বলেন, আমরা দিনভর খেটে নদীতে মালামাল পরিবহন করি। মাঝপথে এসে কয়েকজন বলে চাঁদা দে, না হলে যেতে দেব না। চাঁদা না দিলে ঝামেলা করে, মাল নামিয়ে দেয়, গালাগাল করে।
আড়ালিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরেই নিয়মিত ঘটছে। আগে রাতের আঁধারে চাঁদাবাজির ঘটনা সীমাবদ্ধ থাকলেও বর্তমানে দিনের বেলাতেও প্রকাশ্যে তা চালানো হচ্ছে। প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে ভয়ে কেউ প্রকাশ্যে নাম বলতে চাননি। তবে তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নদীপথে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, তিনি ভাইরাল ভিডিওটি দেখেছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে বিষয়টি তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন।
অন্যদিকে, গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ঘটনাস্থল প্রশাসনিক ভাবে গজারিয়ার আওতায় হলেও নদীর সীমানা পড়েছে চালিভাঙা নৌপুলিশ ফাঁড়ির অধীনে। বিষয়টি সংশ্লিষ্ট ফাঁড়িকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
মতামত