মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর এলাকার মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
গতকাল বুধবার দুপুরে তিনি ইসমানিরচর গ্রামের দেলোয়ার মিয়ার বাড়ি থেকে জেলে পাড়া পর্যন্ত নদী তীর ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।
এ সময় ভুক্তভোগীরা জানান, প্রতিবছর নদী ভাঙনে বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙ্গন হুমকিতে রয়েছে শতাধিক পরিবার। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত হবে মানুষ গুলো।
পরিদর্শন শেষে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, নদীতীরবর্তী এলাকা স্থায়ী ভাবে ভাঙন রোধে চলতি বছরের মে মাসেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি ডিও লেটার পাঠানো হয়েছে। আসা করি শীঘ্রই কাজ শুরু হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রশ্মি এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মতামত