মুন্সীগঞ্জের গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
গতকাল শুক্রবার বাদ আসর উপজেলার টেংগারচর ইউনিয়নের উত্তর শাহপুর গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. হামিদা মুস্তফা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গজারিয়া থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন শেষে দাফন সম্পন্ন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া থানার উপপরিদর্শক আ. কাদির, পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মরহুম অলি উল্লাহ প্রধান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান প্রধান রিফাতের পিতা। তিনি চার ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে মোকলেছুর রহমান প্রধান জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মতামত